বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডিন ও বিভাগীয় প্রধানদের কমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।
তবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত না হওয়ায় ভর্তি পরীক্ষার যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদন প্রক্রিয়া এখনো নির্ধারণ করা হয়নি। ফলাফল প্রকাশের পর এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১১টি বিভাগ রয়েছে। এসব বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়।
বিভাগগুলো হলো—ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০টি, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ৮০টি, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০টি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০টি, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন ৪০টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০টি, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স ৪০টি, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ৪০টি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৪০টি এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ৩০টি আসন।

