আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মধ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল ফোনের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত থাকা এবং জীবনের লক্ষ্য অর্জনে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ওসি মোহাম্মদ মাসুদ খান শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ক্ষতিকর ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সচেতনতার মাধ্যমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
এ সময় রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

