Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে ৫ হাজারের বেশি চারা বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৮৭টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির উদ্যোগে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, যুবদল নেতা বেল্লাল ফকির, আসিফ আকবরসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ করে এবং নিয়মিত পরিচর্যা করে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, শুধু চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। গাছকে বড় করে তুলতে নিয়মিত পরিচর্যা, সঠিক সময়ে পানি দেওয়া এবং প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের হাতে লাগানো গাছটির দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অন্যতম কার্যকর উপায়। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে উঠবে।

উপস্থিত শিক্ষকরা বলেন, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে রোপণ করে যথাযথভাবে পরিচর্যা করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।