গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গৌরনদী পৌরসভার তিখাসার এলাকার মৃত আবুল হোসেন খানের ছেলে মনিরুজ্জামান খান ওরফে বাবু, সুন্দরদী এলাকার আজিজুল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার, একই এলাকার মৃত আবুল কালামের ছেলে আজিজুল সরদার, খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের কাবুল হাওলাদারের ছেলে আওলাদ হোসেন, সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামের ইয়াকুব খলিফার ছেলে আরমান খলিফা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালুপুর এলাকার সহুবুল হকের ছেলে জুয়েল রানা।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে তিখাসার এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ বাবুকে গ্রেপ্তার করা হয়।
পরে পৌরসভার সুন্দরদী ও রামনগর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ ফয়সাল হাওলাদার ও তার সহযোগী আজিজুল সরদারকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে ২০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া সরিকল ইউনিয়নের মহিষা এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ আরমান খলিফা ও জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

