আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সুপ্তি আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
রোববার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বড় বাশাইল গ্রামের মো. ইব্রাহীম মোল্লার মেয়ে সুপ্তি আক্তার। এ সময় তার ছোট বোন জান্নাত আক্তার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সুপ্তি আক্তার অভিযোগ করেন, প্রায় নয় বছর আগে রাজিহার এলাকার শাহাদাৎ ফকিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী দুই থেকে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুক দিতে না পারায় তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, স্বামীর চাচা ও বিএনপি নেতা কামরুল ফকিরের পরামর্শ ও প্রভাবে তার ওপর নির্যাতন চালানো হতো। বর্তমানে তার একটি কন্যাসন্তান রয়েছে, যার বয়স প্রায় তিন বছর চার মাস। এছাড়া ২০২৫ সালের ৫ নভেম্বর রাতে স্বামীর মারধর ও পেটে লাথির কারণে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলে তিনি অভিযোগ করেন। ওই সময় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
সুপ্তি আক্তার জানান, দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে চলতি বছরের ১৩ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৬৮/২৬ বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতা কামরুল ফকির ও তার পরিবারের কয়েকজন সদস্য চাঁদাবাজি, হুমকি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি অভিযুক্ত শাহাদাৎ ফকির, কামরুল ফকির, শাহে আলম ফকির, মনিরুজ্জামান ফকির ও সাহারুল ফকিরের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া তিনি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং মামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

