গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম মীর (৬৫) নামে আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ফারুক সরদার ও রুস্তম মীর দক্ষিণ বিজয়পুর এলাকার একটি মসজিদে ফজরের নামাজ শেষে মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি ইজিবাইক তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন। আহত রুস্তম মীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই সরিফুল ইসলাম বলেন, ঘাতক ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

