ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নবনিযুক্ত সিভিল সার্জন এস এম মঞ্জুর এ এলাহিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তার নিয়োগ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন ছাত্র সমাজের নেতাকর্মীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা নবনিযুক্ত সিভিল সার্জনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার নিয়োগ বাতিলের দাবি জানান।
বিক্ষোভকালে ছাত্রদলের রাজেন্দ্র কলেজ শাখার সাবেক সভাপতি খাইরুল ইসলাম রোমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি কাজী রিয়াজ অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হওয়া সত্ত্বেও এস এম মঞ্জুর এ এলাহীকে ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ অনভিপ্রেত। অবিলম্বে নিয়োগ বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।
প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়ে নবনিযুক্ত সিভিল সার্জন এস এম মঞ্জুর এ এলাহির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

