Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাই-আহসানগঞ্জ স্টেশন একীভূত করে আধুনিক স্টেশন নির্মাণের উদ্যোগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একীভূত করে একটি আধুনিক ও মানসম্মত স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্টেশন দুটির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু এবং বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

রোববার আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আসেন ডিআরএম আবু হেনা মোস্তফা আলম। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মে স্থানীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজুর সঙ্গে তিনি মতবিনিময় করেন। পরে তারা আত্রাই ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, নওগাঁ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও মানসম্মত রেলওয়ে স্টেশন আহসানগঞ্জ। এ স্টেশন থেকে রেলওয়ে কর্তৃপক্ষ নিয়মিত উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেলেও দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে প্ল্যাটফর্ম ও অন্যান্য সুবিধা পর্যাপ্ত না থাকায় যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি কার্যকর করা হোক। তবে স্টেশনের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এ দাবি বাস্তবায়নে নানা জটিলতা রয়েছে বলে স্থানীয়রা জানান। ফলে আত্রাই ও রাণীনগরসহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু আত্রাই ও আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন একীভূত করে একটি আধুনিক স্টেশন নির্মাণের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশন দুটি পরিদর্শন করেন।

স্থানীয়দের প্রত্যাশা, কাছাকাছি অবস্থিত আত্রাই ও আহসানগঞ্জ স্টেশন একীভূত করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেশন নির্মাণ করা হলে যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি চালু হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের রেল যোগাযোগের দুর্ভোগ কমবে এবং রেলওয়ের রাজস্বও বাড়তে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।