নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা জুড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শ্রী শ্রী বুড়াকালি মাতার মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে পূজা উদযাপন পরিষদের প্রয়াত সদস্যসহ নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়।
সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পূজা চলাকালে উসকানিমূলক বক্তব্য, গুজব ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে চলার আহ্বান জানান তারা।
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার, পৌর সাধারণ সম্পাদক পুলক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব কর্মকার, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক চপল কুমার মহন্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক বাদল চৌধুরী, দপ্তর সম্পাদক দেবাশীষ চৌধুরী অপুসহ বিভিন্ন উপজেলা শাখার নেতারা।
সভায় জেলার ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১২৮টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন।
পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বলেন, প্রতিমা তৈরির বিষয় নিয়ে কোনো বিভ্রান্তি বা উসকানিমূলক মন্তব্যে কান দেওয়া যাবে না। সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। পাশাপাশি ডিজে ও অন্যান্য উচ্ছৃঙ্খলতা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার বলেন, এবার ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন। কোনো উসকানিমূলক বক্তব্যে কান না দেওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্য বক্তারা পূজার আগেই শহরের ভাঙাচোরা রাস্তাগুলো সংস্কারের দাবি জানান। তারা বলেন, পূজা উপলক্ষে দর্শনার্থী ও ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে সড়ক সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে। কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে নজরদারি থাকবে। পূজা পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান পুলিশ সুপার।
উল্লেখ্য, নওগাঁ জেলায় এবার ৮২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ছয় দিনব্যাপী এ পূজা চলবে। সপ্তমী দুই দিন হওয়ায় আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।

