Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে পরপর দুই হত্যাকাণ্ডে আতঙ্ক, অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর-লুটের অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৃথক ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এরই মধ্যে একটি হত্যাকাণ্ডের জেরে অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন চড়ইকুড়ি (মরার চর) গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাম মোস্তফা টেঙ্গুর (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র ও সড়কির আঘাতে হত্যা করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। স্থানীয়দের দাবি, সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন প্রকাশ্যে গুলিবর্ষণও করেন।

নিহত গোলাম মোস্তফা টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে। শুক্রবার ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নিহতের ভাই ও স্থানীয় বিএনপি নেতা পটল বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এতে তারা হতাশ ও উদ্বিগ্ন।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, ভারত থেকে পাচার করে আনা মাদককে কেন্দ্র করে রামকৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আজাহার মেম্বার এবং নিহত টেঙ্গুরের বড় ভাই ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটল সমর্থিত পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঙ্গুর নিহত হন এবং উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হত্যাকাণ্ডের পর নিহতের স্বজন ও প্রতিবেশীরা আজাহার মেম্বার ও তার স্বজনদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এ সময় ১০টি গরু, মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, টেঙ্গুর নিহত হওয়ার ঘটনার জেরে আজাহার মেম্বারসহ তার আত্মীয়স্বজনের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আজাহার মেম্বারের স্বজনদের ১০টি গরু ও মোটরসাইকেল লুটের খবরও তিনি পেয়েছেন বলে জানান। তবে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

অন্যদিকে, অনলাইন জুয়ায় হেরে আর্থিক সংকটে পড়ে রাজা বিশ্বাস (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগে তার বন্ধু রিফাজ হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠে একটি সড়কের পাশ থেকে রাজা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর মরদেহ ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রিফাজ হোসেন কামালপুর গ্রামের সফেদ হোসেনের ছেলে। নিহত রাজা বিশ্বাস একই এলাকার ইমাম আলীর ছেলে।

পুলিশের দাবি, অনলাইন জুয়ায় বড় অঙ্কের টাকা হেরে আর্থিক সংকটে পড়েন রিফাজ। ওই টাকা জোগাড় করতে তিনি বন্ধুকে মাঠের মধ্যে ডেকে নিয়ে হত্যা করেন এবং পরে তার পরিবারের কাছে টাকা দাবি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, চরে দুই পক্ষের সংঘর্ষে নিহত টেঙ্গুরের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পৃথক হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।