ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বরে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এমটিবি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, নওগাঁর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় ক্যাম্পটি পরিচালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী বলেন, অর্থাভাবে যারা চোখের সাধারণ চিকিৎসা কিংবা ছানি অপারেশন করাতে পারছেন না, তাঁদের কাছে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এ ধরনের মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
ক্যাম্পে আগত রোগীদের জন্য বিশেষ সংযোজন হিসেবে ব্র্যাকের সহযোগিতায় যক্ষ্মা রোগী শনাক্তে কফ পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়।
ক্যাম্পটি সফল করতে সহযোগিতা করে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র, প্রজন্ম পাঠাগার, প্রজন্মের মেলা, প্রশিপ, রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে প্রজন্মের আলো, প্রজন্ম টিভি ও প্রগতিশীল শিক্ষা পরিষদ।

