হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে চুরির সন্দেহে জয় নামে এক যুবককে বাড়ি থেকে তুলে এনে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শরিফুল আলমের বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার (৮ নভেম্বর) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরকাটিহারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়কে হাত-পা বেঁধে মাটিতে উপুড় করে রাখা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে লাঠি দিয়ে তাঁর পায়ের তালুতে আঘাত করতে দেখা যায়। ভিডিওতে থাকা ওই ব্যক্তি কাজী শরিফুল আলম বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ওই গ্রামে একটি সেচমোটর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাগলা থানার আমাটিয়া এলাকার নিজ বাড়ি থেকে জয়কে তুলে এনে মারধর করা হয়। তবে স্থানীয় কয়েকজনের দাবি, মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে। যদিও এ দাবির পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে কাজী শরিফুল আলম বলেন, জয়ের বিরুদ্ধে তাঁর দুই চাচার সেচমোটর চুরির অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জয়ের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগও করেন তিনি। তবে নিজের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন শরিফুল আলম।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শনিবার তিনি মারধরের ভিডিওটি দেখেছেন। পরে জয়কে থানায় সোপর্দ করা হলে চুরির মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

