সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যমুনা নদীতে জাল দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। রোববার মাছ শিকারের উদ্দেশ্যে নদীতে যান তিনি। পরদিন সকালে সানবান্দা চর এলাকায় তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, যমুনার দুর্গম চরাঞ্চলে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকার মৎস্যজীবী। তাঁর পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

