হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় ‘জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক (নান্নু)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান জোহা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদিকুল বারি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও শাহিন হোসেন শিপু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন নজিপুর পৌর বিএনপির ১ নম্বর সাংগঠনিক সম্পাদক, জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও নজিপুর ক্রিকেট ক্লাবের সাবেক সহ-অধিনায়ক আকিব জাবেদ মিজান।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ও যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। মাদক থেকে দূরে থেকে সুস্থ বিনোদনে যুক্ত হওয়ার পাশাপাশি এলাকায় সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

