মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ২০০ পিস ইয়াবাসহ শুকতারা (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শুকতারা ওই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুকতারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ নভেম্বর) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ইয়াবা, গাঁজা, মদসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

