হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে যৌথ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত এ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক। এ সময় হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ মোহাম্মদ তাজউদ্দিন আহাম্মদ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।
অন্যদিকে, যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে না, তাদের প্রথমবারের মতো সতর্ক করে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হোসেনপুর উপজেলাকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে মুক্ত রাখতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ উদ্যোগে অভিভাবক ও সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।

