নবধারা ডেস্ক
সদ্য প্রকাশিত এইচএসসির ফল বাতিল করে নতুন করে মূল্যায়নের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করা শিক্ষার্থীদের উপর শিক্ষা বোর্ডের কর্মচারীদের হামলায় ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রতি বৈষম্য করে রেজাল্ট প্রকাশ করেছে। আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের মূল্যায়ন করে এইচএসসি রেজাল্ট দেওয়ার কথা। কিন্তু একজন শিক্ষার্থীর সব সাবজেক্টে এ+ পেয়েছে কিন্তু একটি সাবজেক্টে সে ডি গ্রেট পেয়েছে, এটা কেন করল? আমাদের কথা হচ্ছে যেহেতু আমাদের এসএসসি রেজাল্ট দেখে মূল্যায়ন করার কথা ছিল, সেটা বিবেচনা করে এইচএসসি রেজাল্ট প্রকাশ করা উচিত ছিল। কিন্তু আমাদের রেজাল্ট অনেক খারাপ হয়েছে। তাই আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলাম। কিন্তু শিক্ষা বোর্ডের কর্মচারী-কর্মকর্তারা ভেতর থেকে পাথর লাঠি দিয়ে, স্টিলের স্কেল দিয়ে আঘাত করে আমাদের রক্তাক্ত করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ঢাকা শিক্ষা বোর্ড থেকে আহত অবস্থায় ৫ শিক্ষার্থীকে সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় কয়েকশ শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের মূল ফটকে অবস্থান নেন। এরপর পৌনে ২টার দিকে তারা শিক্ষা বোর্ডের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

