এম এ ফয়সাল,সাতক্ষীরা
“কয়েকটি আসনের লোভ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেনা যাবে না,” — এমনই কঠোর মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে এসেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিনতে পারেনি, পারবেও না।”
শনিবার (১২ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্ট আমরা সকলের জন্য দরজা খুলে বলেছিলাম, আসুন জাতীয় সরকার গঠন করি। দেশকে নতুন করে গড়ে তুলি। কিন্তু তারা সেই প্রস্তাবে সাড়া দেয়নি। বরং বলেছে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার কখনও বলেছে ৬ মাস। ক্ষমতার ভাগাভাগি ছাড়া দেশের সংস্কারে তাদের কোনো আগ্রহ নেই।”
সাতক্ষীরা জেলা এনসিপির সমন্বয়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক তাসনিম জারা। সভার মঞ্চে স্লোগান দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
পথসভা শুরুর আগে নেতারা জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে শহীদ আসিফ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় দলীয় জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজ নির্মূলে গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

