যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ তিন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ৩১৫ গ্রাম, যা ১১টি স্বর্ণের বারে বিভক্ত। বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা।
আটককৃতরা হলেন—
১. আতা এলাহি জীবন (৩৫), পিতা মৃত জিলু মিয়া, চরচারকলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
২. আবুল কালাম আজাদ (৪৬), পিতা আহমদ আলী, পূর্ববাগবাড়ি, কাশিমপুর, গাজীপুর
৩. শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮), পিতা সুচিত্র লাল মন্ডল, রানিরহাট, শেরপুর, বগুড়া।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি সদস্যরা ধলগাঁ বাসস্ট্যান্ডে অবস্থান নেন। পরে সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির সময় প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুইজন যশোর-চৌগাছা রুটে ও একজন যশোর-নাভারণ রুটে সাতক্ষীরা হয়ে পাচার পরিকল্পনা করেছিল।”
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি কোষাগারে (ট্রেজারি) জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তপথে স্বর্ণ পাচার রোধে তাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

