ফকিরহাট (বাগেরহাট)
বাগেরহাটের ফকিরহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশাল ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। রবিবার (১৩ জুলাই) রাত আড়াইটার দিকে খুলনা-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তির নাম কালাম হোসেন (২৫), তিনি সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদার এর পুত্র।
পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।
রাত আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের বক্সের মধ্যে থাকা একটি কালো রঙের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রঙের জীপার ব্যাগে রাখা ২০,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার চালানটি খুলনা থেকে এনে অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় আটক কালাম হোসেনের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান চলমান থাকবে।

