যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলায় পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ফুলি বেগমও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মান্নানের মৃত্যু হয়। তিনি মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। নিহত মান্নান এজহার মোড়লের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) বিকেলে জমিজমা নিয়ে বিরোধের এক পর্যায়ে আব্দুল মান্নানের ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোববার রাতেই মান্নান মারা যান।
এ ঘটনায় মণিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, “মান্নান ভাই সবসময় পারিবারিক বিরোধ মিটিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু তার ছোট ভাই হান্নান ও পরিবারের সদস্যদের অসহযোগিতার কারণে বিষয়টি দিন দিন জটিল হয়ে ওঠে। যার পরিণতিতে আজ তাকে প্রাণ দিতে হলো।”
এদিকে, ঘটনার পর অভিযুক্ত রহমতউল্লাহ, তার বাবা আব্দুল হান্নান ও মা রেশমা খাতুন নিজেরাও আহত দাবি করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, “ঘটনার বিষয়ে থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজন—আব্দুল হান্নান, রেশমা খাতুন এবং রহমতউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।”
এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা রক্ষায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

