টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে টুঙ্গিপাড়ায় তিন হাজারের বেশি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। এতে আম, কাঁঠাল, পেয়ারা, লেবু, জাম্বুরা প্রভৃতি ফলদ গাছ ছাড়াও রেইনট্রি, আকাশমণি, মেহগনি ইত্যাদি বনজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন,”আমাদের প্রত্যেকের এগিয়ে আসা দরকার। বৃক্ষ যেমন আমাদের অক্সিজেন দেয় বেঁচে থাকার জন্য, তেমনি আমরা যদি বাড়ির আঙিনায় ও আশেপাশে একটি করে বৃক্ষরোপণ করি, তাহলে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে।”
তিনি আরও বলেন,”সবার আগে বাংলাদেশ। দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে। সেই উদ্দেশ্যেই আমি আমার প্রিয় টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার সাধারণ মানুষের মধ্যে ফলদ ও বনজ মিলিয়ে মোট তিন হাজার গাছের চারা বিতরণ করছি।”
এই সময় স্থানীয় জনগণ, কৃষক ও পরিবেশ সচেতন যুবসমাজ এই উদ্যোগকে স্বাগত জানায় এবং জানান, এটি এলাকার পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে উপজেলার প্রতিটি গ্রামে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

