গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে বিএনপির বরখাস্ত হওয়া নেত্রী বিলকিস আক্তার শিরিন কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব। মানববন্ধনে বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সদস্য মো. আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, হানিফ সরদার, বদরুজ্জামান খান সবুজ, মোল্লা ফারুক হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক আকতার ফারুক শাহিন একজন নির্ভীক ও পেশাদার সংবাদকর্মী। তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

