নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গী এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
পুলিশ জানায়, শিল্পাঞ্চল টঙ্গী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও গাছা থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, “আমাদের থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই ছিনতাই, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত।”
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “বিশেষ অভিযানে আমাদের থানা এলাকা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি। বাকি সবাই নানা অপরাধের সঙ্গে জড়িত।”
গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, তাদের থানার আওতাধীন এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ জানান, “এই চিরুনি অভিযানের অংশ হিসেবে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

