রুহুল আমিন, যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় টানা বৃষ্টির ফলে নিচু এলাকার আউশ ধান পানিতে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
উপজেলার অন্তত একশ’ হেক্টর জমির আউশ ধান পানির নিচে চলে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।
কৃষকেরা জানান, আউশ ধান একটি লাভজনক ফসল হিসেবে পরিচিত। কম খরচে চাষ করে ভালো ফলন পাওয়ায় কৃষকেরা এই মৌসুমে ব্যাপকহারে আউশ চাষে ঝুঁকেছিলেন। চৌগাছার মাঠে মাঠে ব্রি-২৬, ব্রি-২৭, ব্রি-২৮, ব্রি-৬৫, সুপার মিনি, রডমিনি, বাঁশমতি সহ বিভিন্ন উন্নত জাতের ধান রোপণ করা হয়েছে। কিন্তু গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে নিচু এলাকার ফসলি জমিগুলো পানিতে তলিয়ে গেছে। অনেক জায়গায় ধানের গাছ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে এবার ঘরে ফসল তোলা নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
আন্দুলিয়া গ্রামের কৃষক আশরাফ আলী বলেন, ‘আমার তিন বিঘা জমির সব ধান পানির নিচে। এখন কিছুই করার নেই, সব স্বপ্ন ভেসে গেল।’ একই গ্রামের ভদুমিয়া, সাহেব আলী ও আব্দুল খালেকেরও দুই থেকে তিন বিঘা করে জমির ধান পানিতে তলিয়ে গেছে।
চাষি আয়তাল হক বলেন, ‘আউশ ধান লাভজনক বলে সবাই চাষ করছিল। কিন্তু এই বৃষ্টিতে নিচু সব জমির ধান পচে যাচ্ছে। ভালো ফলন আশা করা যাচ্ছে না।’
উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের দাবি অনুযায়ী, খড়িঞ্চা, পুড়াপাড়া, দেবলয়, সাঞ্চডাঙ্গা, চাঁদপাড়া, রামকৃষ্ণপুর, আড়শিংড়ী, মাকাপুর, বল্লভপুর, নাইড়া, গয়ড়া, হিজলী, কমলাপুর, মাধবপুর, পুকুরিয়া, বাদে খানপুর, পেটভরা, হাজরাখানা, বহিলাপোতা, বাঘারদাঁড়ি, জিওলগাড়ি, মাশিলা, স্বরুপদাহ সহ প্রায় ৩০টি গ্রামের কৃষকদের জমি পানিতে তলিয়ে গেছে। চুটারহুদা গ্রামের ইমদাদুল ইসলাম ও আড়শিংড়ী গ্রামের জাহাঙ্গীর আলম জানান, তাদের প্রত্যেকের ২ থেকে ৩ বিঘা জমির ধান তলিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন বলেন, ‘চলতি মৌসুমে চৌগাছা উপজেলায় ২ হাজার ৪৪০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। তবে ভারি বর্ষণের কারণে প্রায় ১শ হেক্টর নিচু এলাকার জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং পানি দ্রুত সরে গেলে ক্ষয়ক্ষতি কিছুটা এড়ানো সম্ভব।’

