স্টাফ রিপোর্টার,চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তির নাম জাহিদ শেখ। তিনি কুনিয়া গ্রামের মৃত জালাল উদ্দিন শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় জাহিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি বল্লম, ৭টি লোহার রামদা, বেতের তৈরি ১০টি ঢাল, ২টি ছোরা, ১টি হাসুয়া, ১টি চাপাতি এবং ৮টি টেঁটা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক জাহিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ৯, তারিখ ১৯/০৭/২০২৫।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তি এসব দেশীয় অস্ত্র কী উদ্দেশ্যে মজুদ করেছিলেন, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

