স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জেরে নুরইসলাম শেখ (৩৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর চিংগড়ী বাজারে এ ঘটনা ঘটে।
আহত নুরইসলাম শেখ ওই বাজারের সিমেন্ট ব্যবসায়ী এবং চর চিংগড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী শেখের ছেলে। রাতেই তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। আহতকে দেখতে রাতেই বিএনপি নেতারা হাসপাতালে ছুটে যান।
আহতের বাবা বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী শেখ সাংবাদিকদের জানান, তাঁর ছেলে নুরইসলাম ব্যবসা করেন এবং তিনি একজন বিএনপি কর্মী। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শনিবার বিকেলে চর চিংগড়ী বাজারে প্রকাশ্যে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫-২০ জন দুর্বৃত্ত নুরইসলামকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়।
মোস্তফা ফকির ও ইকবাল হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নুরইসলাম শেখকে কলাতলা ইউনিয়নের দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধর করা হয়েছে। তবে আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘আমাদের একজন বিএনপি কর্মীকে সন্ত্রাসীরা বেধড়ক মারধর করেছে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা আহতের খোঁজখবর নিয়েছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

