গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণগ্রেফতারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। গত বুধবার এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-এর একটি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রশাসন এই গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে দলটি।
রোববার (২০ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির দায়িত্বে থাকা এস এম মহিউদ্দিন বলেন, “গত ১৬ জুলাই যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে, তার অনুগত কিছু লোক ওয়াবদার হাটে রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা সৃষ্টি করে। এই ঘটনার জেরে পুলিশ প্রশাসন একটি মামলায় ১৫৫ জনের নাম উল্লেখসহ প্রায় ১,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে।”
তিনি অভিযোগ করেন, “এই মামলার আওতায় পুলিশ সাধারণ মানুষ—ছাত্র, শিক্ষক, কৃষক, ভ্যানচালকসহ রাস্তায় যাকে পাচ্ছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে এবং মামলা দিয়ে জেলহাজতে পাঠাচ্ছে। এটি একটি সুপরিকল্পিত গণগ্রেফতার।”
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন আরও বলেন, “যদি এই দমন-পীড়ন ও অন্যায় গ্রেফতার বন্ধ না হয়, তাহলে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিবাদ কর্মসূচি পালন করবে।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন বিনা কারণে কাউকে গ্রেফতার না করা হয় এবং সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়।

