মফিজুল ইসলাম, ঝিনাইদহ
তথ্য প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের উদ্যোগে ঝিনাইদহ জেলার ছয়টি থানায় একযোগে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, ওসি শামসুজ্জোহা, ওসি জহুরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, “অনলাইনে এতদিন শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ ছিল। এখন থেকে সবধরনের জিডি অনলাইনে করা যাবে। এতে সাধারণ মানুষ থানায় না গিয়েই বাসা থেকে জিডি করতে পারবেন। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং নাগরিক ভোগান্তি কমবে। সেইসঙ্গে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করাও সহজ হবে।”
তিনি আরও বলেন, “এ উদ্যোগের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। এটা সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নেরই একটি অংশ।”
অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে অনলাইন জিডি পদ্ধতির কার্যকারিতা ও ব্যবহারবিধি সম্পর্কেও উপস্থিতদের ধারণা দেওয়া হয়।

