কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১২টায় কলাপাড়া অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।
ঘোষিত বাজেটে নতুন কোনো কর আরোপ না করেই প্রারম্ভিক স্থিতি এক কোটি ৯২ লাখ ৮৯ হাজার ৯৬০ টাকা ধরে মোট ২৫ কোটি ৯২ লাখ ৪৬ হাজার ৯৬০ টাকার উদ্বৃত্ত বাজেট উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. আবদুল কাইয়ুম এবং ইসলামী আন্দোলনের উপজেলা সহসভাপতি অ্যাডভোকেট এজেডএম কাওসার।
বাজেটের মূল দিকনির্দেশনা:
ঘোষিত বাজেটে পৌর নাগরিকদের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
-
পানির পাম্প স্থাপন
-
রাস্তা, ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন
-
পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবা
-
রাস্তায় আলোকসজ্জা ও পরিচ্ছন্নতা
-
ক্রীড়া ও বিনোদন কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন
-
ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ, মন্দির, প্যাগোডা) সংস্কার
-
গোরস্থান ও শ্মশানের উন্নয়ন
-
শিশু পার্ক ও মার্কেট নির্মাণ
-
শিক্ষা ও সংস্কৃতি বিকাশ
-
মশক নিধন ও শহরের সৌন্দর্যবর্ধন ইত্যাদি।
অর্থায়নের খাতভিত্তিক বিবরণ:
-
নিজস্ব রাজস্ব আয়: ৬ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকা
-
সরকারি উন্নয়ন অনুদান: ৪ কোটি ১০ লাখ টাকা
-
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন (IUUDP): ৫ কোটি টাকা
-
নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UIUIP): ৫ কোটি টাকা
-
কোভিড-১৯ প্রকল্প থেকে সম্ভাব্য অনুদান: ২ কোটি টাকা
সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ১ লাখ ২০ হাজার টাকা। নিয়মিত ব্যয়ের জন্য তিন মাসের সমপরিমাণ অর্থ হিসেবে ৯১ লাখ ২৬ হাজার ৯৬০ টাকার সমাপনী স্থিতি রাখা হয়েছে।
এছাড়াও ২০২৪-২০২৫ অর্থ বছরের ১৫ কোটি ৫ লাখ ১৯ হাজার ৭৩৪ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় ইউএনও মো. রবিউল ইসলাম বলেন,
“এই বাজেট শুধু আর্থিক পরিকল্পনা নয়, এটি কলাপাড়া পৌরবাসীর জীবনমান উন্নয়নের রূপরেখা। কর আরোপ ছাড়াই জনগণের অংশগ্রহণ ও সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

