এম এ ফয়সাল, তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় মা ও স্ত্রীকে মারধরের ঘটনায় হাবিবুর মোড়ল (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত এলাকাবাসী। ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে তালা উপজেলার আটারই গ্রামে।
নিহত হাবিবুর মোড়ল ওই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। পেশায় ভ্যানচালক হলেও সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পরিবার।
হাবিবুরের মা পারুল বেগম জানান, তাঁর ছেলে নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই তাঁকে ও পুত্রবধূ শান্তাকে মারধর করত। সোমবার রাতেও সে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে সে প্রথমে মাকে এবং পরে স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী হাবিবুরকে ধরে পিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।

