জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাইনবসত স্লুইস গেটের মুখে বাঁধ থাকায় পানি নিস্কাশন ব্যাহত হচ্ছে। ফলে বাহাদুরপুর, কচুয়া, পুরোহিতপুর, দাঁদপুর ও আগরদাড়ীসহ পাঁচটি গ্রামের প্রায় ২০০০ বিঘা জমির আমন ধানের বীজতলা পরপর দুইবার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, স্লুইস গেট পুনঃনির্মাণের সময় নদীর পাশ ঘেঁষে মাটির বাঁধ দেওয়া হয়। নির্মাণ শেষে গেট চালু হলেও বাঁধ সম্পূর্ণভাবে না কাটায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হচ্ছে না। এর ফলে এলাকার বিল ও খালে পানি জমে থেকে ধানের বীজতলা, ঘরবাড়ি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে।
বাহাদুরপুর গ্রামের কৃষক রামপদ ঘোষ বলেন, “প্রথম বৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ায় আবারও বীজ ফেলেছিলাম। কিন্তু এখন আবার সব পানির নিচে। কী করবো ভেবে পাচ্ছি না।”
অন্য এক কৃষক দেবব্রত ঘোষ বলেন, “আমরা নিজেরা বাঁধ কাটতে গিয়েছিলাম, কিন্তু বাঁধটি অনেক বড় হওয়ায় কাজ হয়নি। এখন এস্কেভেটর ছাড়া এটি কাটা সম্ভব নয়।”
এ নিয়ে কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় জানান, তিনি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের এসওকে জানাবেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নিজেও কথা বলবেন।
স্থানীয়দের দাবি, দ্রুত ওই বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এবছর আমন ধান চাষ চরমভাবে বাধাগ্রস্ত হবে।

