খুলনা ,জেলা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. পলাশ শেখকে জেলগেটে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুলাই) খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. নাজমুল হোসেন রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের জিআরও প্রভাস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম জানান, “আসামিকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।”
গ্রেপ্তারকৃত পলাশ শেখ তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের মৃত আতিয়ার রহমান শেখের ছেলে। তাকে গত ১৬ জুলাই রূপসা উপজেলার একটি চেকপোস্ট থেকে গ্রেপ্তার করে তেরখাদা থানা পুলিশ, যেখানে খুলনা জেলা ডিবি পুলিশও অভিযানে সহায়তা করে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৯ জুন দুপুরে মারামারির একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে বারাসাত গ্রামে অভিযানে যান এসআই মেহেদী হাসান। এ সময় পলাশ শেখ পালানোর চেষ্টা করলে তাকে বিল এলাকা থেকে আটক করা হয়। পরে পলাশের চিৎকারে সাড়া দিয়ে প্রায় ৩০ জনের একটি দল লাঠিসোঁটা, রড ও রামদা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়।
এই ঘটনায় এসআই রথীন্দ্রনাথ পোদ্দার, কনস্টেবল সোহেল রানা ও জয়ন্ত রায়সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর জখম হন কনস্টেবল সোহেল রানা, যাকে রামদা দিয়ে কোপানো হয়েছিল।
ঘটনার পরদিন এসআই মেহেদী হাসান বাদী হয়ে তেরখাদা থানায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫–২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত ১৫ জন আসামি ৯ জুলাই খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

