বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ঢাকার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এই শোকসভা ও দোয়া মাহফিলে পরিবেশ ছিল গভীর আবেগঘন ও শোকাচ্ছন্ন। নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবারগুলোর প্রতি সহানুভূতি ও সমবেদনা জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ইব্রাহিম খলিলের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে সকলের মুখে ছিল শোক ও প্রার্থনা। তিনি বলেন, “জাতীয় যে কোনো শোকাবহ ঘটনায় আমাদের শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও সহানুভূতির চেতনা জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

