কলাপাড়া প্রতিনিধি
পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সঙ্গে জড়িত দুই দালালকে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ জুলাই) রাতে পটুয়াখালী ডিসি কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কলাপাড়া উপজেলার শাহাদত তালুকদার (৪৮) ও মোস্তাফিজুর রহমান (৪৬)। তারা দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন কাজে দালালি এবং সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
ডিবির এসআই মো. জহুরুল ইসলাম জানান, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ আদায়ের সময় মনিরা বেগম নামে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৫ শতাংশ হারে চাঁদা দাবি করে একটি দালালচক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মনিরা বেগম বাদী হয়ে মামলা করলে অভিযান চালিয়ে শাহাদত ও মোস্তাফিজকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরেই ডিসি অফিসের এলএ শাখার সঙ্গে সংশ্লিষ্ট থেকে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ তদন্তাধীন রয়েছে।

