এস এম শরিফুল ইসলাম, নড়াইল
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার আগদিয়া গ্রামে নিজ বাড়িতে বালতি ও গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করে তিনি এ ঘোষণাটি দেন।
সাজ্জাদুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিবেশ, দলে বিদ্যমান স্বেচ্ছাচারিতা ও জ্ঞানহীন নেতৃত্বের কারণে আমি বারবার মানসিক, শারীরিক, সামাজিক ও পারিবারিকভাবে নিপীড়নের শিকার হয়েছি। তাই আমি সজ্ঞানে ও স্বেচ্ছায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “সরকার পতনের পর আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। আমাকে হত্যাচেষ্টা করা হয়। অথচ ঘটনায় জড়িত না থাকা সত্ত্বেও আমাকে নাশকতার মামলায় জেলে যেতে হয়েছে। জেলখানায় থাকাকালে আমার বাবা মারা যান। এসব ঘটনার পর আমি উপলব্ধি করেছি, রাজনীতি আমার জন্য নয়।”
দুধ দিয়ে গোসল প্রসঙ্গে তিনি বলেন, “আমি প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে রাজনৈতিক জীবনের ইতি টেনেছি। শিগগিরই লিখিত পদত্যাগপত্র জমা দেব।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

