মফিজুল ইসলাম, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেইজড ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP) প্রকল্পের আওতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র বিশ্বাস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন এসএসসি ও ২০ জন এইচএসসি কৃতী শিক্ষার্থী ছিলেন। তাদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ স্বীকৃতিকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে দেখেন।
অনুষ্ঠানের শুরুতে ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শিক্ষার অগ্রযাত্রায় এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানান।

