ফরিদপুর প্রতিনিধি
২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদ। মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষকরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অপরেশ রায় অপু, মোহাম্মদ মিজানুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ লেনিন, আসাদুজ্জামান মোল্লা, বেলায়েত হোসেন, জয়প্রকাশ, এইচ এম ইব্রাহিম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শিক্ষা বিস্তারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান ও মূল্যবোধে শিক্ষার্থী গড়ে তোলার চেষ্টা করছে এসব প্রতিষ্ঠান। বিগত বছরগুলোতে প্রাথমিক সমাপনী ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তারা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
তারা দাবি জানান, আগের মতোই ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তারা মন্তব্য করেন।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল ফরিদপুর জেলা প্রশাসকের কাছে সংশ্লিষ্ট দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।

