বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা মাহমুদুল হাসানকে সভাপতি করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন অন্তর্বর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
২২ জুলাই (বুধবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চার সদস্যবিশিষ্ট এই অ্যাডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জামিল হোসেনকে সদস্য সচিব হিসেবে এবং শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মোস্তফা হায়দার। এছাড়াও অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আওলাদ হোসেন।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এই কমিটি আগামী ছয় মাস বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করবে। নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিকে।
স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে।

