বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় ধান সিদ্ধ করা হাউজে জমে থাকা পানিতে ডুবে জুনায়েদ হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মাটিপুকুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জুনায়েদ হোসেন মাটিপুকুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে ধান সিদ্ধ করার জন্য রাখা হাউজে বৃষ্টির পানি জমে ছিল। ঘটনার দিন ছোট্ট শিশু জুনায়েদ খেলার ছলে হাউজের পাশে যায়। এ সময় তার হাতে থাকা খেলনা হাউজে পড়ে গেলে, সে সেটি তুলতে গিয়ে হাউজে পড়ে যায়। তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন।একপর্যায়ে বাড়িতে থাকা ধান সিদ্ধ করা হাউজে মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
নিহতের সম্পর্কের চাচা ইব্রাহীম বলেন, দুপুরের কিছুক্ষণ আগে বাড়ির উঠানে খেলা করছিলো জুনায়েদ। তাকে না পেয়ে চারদিকে শোরগোল শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশেই ধান সিদ্ধ করা হাউজে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
এদিকে শিশু জুনায়েদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

