মফিজুল ইসলাম, ঝিনাইদহ
ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার ভাটই এলাকায় ড্রাম ট্রাকের চাপায় নাসরিন সুলতানা (৩৫) নামের এক সহকারী শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন সুলতানা হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের বাসিন্দা এবং আমিরুল ইসলামের স্ত্রী। তিনি হরিণাকুন্ডুর দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাসরিন সুলতানা বুধবার তার স্বামী আমিরুল ইসলামের সঙ্গে পারিবারিক কাজে শৈলকুপা এসেছিলেন। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভাটই বাজার এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে তিনি হঠাৎ ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দশ চাকার ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শিক্ষিকার স্বামী আমিরুল ইসলাম বলেন, “আমার মোটরসাইকেলে বসা অবস্থায় হঠাৎ করে সে পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভাটই বাজার এলাকায় ট্রাকচাপায় এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।”
নাসরিন সুলতানার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

