এস এম শরিফুল ইসলাম, নড়াইল
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের যৌথ আয়োজনে আয়োজিত এ মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নার্সারি মোট ১০টি স্টলে অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না
- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস
- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল
- বন বিভাগের জোনাল অফিসার খন্দকার গিয়াস উদ্দিন
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন
- জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান
- উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রোকনুজ্জামান
- সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আমরা শিক্ষার্থীদের ২টি করে ফলজ চারা বিতরণ করেছি যাতে তারা নিজের আঙ্গিনায় গাছ লাগিয়ে পরিবেশবান্ধব জীবনধারার চর্চা শুরু করতে পারে। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো।”
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

