জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিষেবায় অভিগম্যতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, নাগরিক উদ্যোগ-এর সহযোগিতায়।
সভা শুরুতে ঢাকায় মর্মান্তিক যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মণি শংকর হালদার।
এছাড়া বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মানিক রঞ্জন দাশ, বারসিক-এর উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, আইডিয়াল-এর সিনিয়র অফিসার সুব্রত বাছাড় প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, সিবিও সদস্য, ইয়োথ প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

