খুলনা প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক বুধবার (২৪ জুলাই) খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া) আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তার নেতৃত্বে নেতাকর্মীরা মধুপুর ও গাজীরহাট এলাকার বাজারগুলোতে গিয়ে সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি তেরখাদা ও দিঘলিয়ার বিভিন্ন স্থানে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দলীয় কর্মসূচির কথা তুলে ধরেন। পারভেজ মল্লিক বলেন, “এই আন্দোলন কেবল বিএনপির নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই।”
তেরখাদার একটি বাজারে চা চক্রে অংশগ্রহণের সময় পারভেজ মল্লিককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। তারা বলেন, “তেরখাদায় আমরা কখনও নিজের এমপি পাইনি। এবার আমাদের সন্তান এসেছে, তিনিই হবেন আমাদের কণ্ঠস্বর।”
স্থানীয়রা আরও বলেন, “বিগত সরকার আমাদের উপর অনেক নিপীড়ন করেছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করার।”
পারভেজ মল্লিক বলেন, “বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূলনীতিতে পুনর্গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার রূপরেখা দিয়েছেন। এটি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো ষড়যন্ত্র করছে। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে ছড়িয়ে পড়তে হবে। গ্রামের প্রতিটি পরিবারে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, “তেরখাদায় আমরা কখনও আমাদের প্রতিনিধি হিসেবে কাউকে পাইনি। যারা নির্বাচিত হয়েছেন, তারা এলাকার কোনো উন্নয়ন বা জনগণের পাশে ছিলেন না। পারভেজ মল্লিক আমাদের সন্তান, দেশপ্রেমে উজ্জীবিত সাহসী নেতা।”
তারা বলেন, “দলীয় নেতাকর্মীরা নানা নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেও আজও একতাবদ্ধ। আমরা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুত আছি।”
গণসংযোগে অংশ নেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন, তেরখাদা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাকু, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা গোলজার আলম, লালিম শেখ, আরিফ শেখ, বাহার মোল্লা, এনামুল শেখ প্রমুখ।

