যশোর প্রতিনিধি
নব্বই দশকের কুখ্যাত সন্ত্রাসী ও আলোচিত বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদুকে অবশেষে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন ডিবি পুলিশের এসআই অলক কুমার।
বদু যশোর সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে।
ডিবি পুলিশের এসআই অলক কুমার জানান, ১৯৯৬ সালে যশোর সিটি কলেজের তৎকালীন ছাত্রদল সহ-সভাপতি বাবলু হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন মোসলেম উদ্দিন ওরফে বদু। সেই হত্যাকাণ্ডের পর থেকে তিনি দীর্ঘ ২৮ বছর পলাতক ছিলেন এবং এই সময়ের বড় একটি অংশ ভারত ও মালয়েশিয়ায় আত্মগোপনে কাটিয়েছেন।
বাবলু হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হলেও এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর বদুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর আইনি প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
বদুর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ স্থানীয়দের।

