খুলনা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে তিনি সম্প্রতি ব্যাপক গণসংযোগ, প্রচার-প্রচারণা এবং মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে তেরখাদা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভায় সভাপতিত্ব করেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কমান্ডার শেখ শহিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন শেখ তবিবুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সরদার আমির হোসেন, মো. বিল্লাল হোসেন, চৌধুরী আবুল খায়ের, সুনীল কুমার সাহা, লস্কর অলিয়র রহমানসহ আরও অনেকে।
সভা শেষে বিকেল ৩টায় তেরখাদায় ৫০০ শ্রমজীবী মানুষের মধ্যে টি-শার্ট এবং প্রতিবন্ধীদের মধ্যে রেইনকোট বিতরণ করেন পারভেজ মল্লিক। একই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেন।
এর আগে মঙ্গলবার ও বুধবার তিনি দিঘলিয়া উপজেলার গাজীরহাট ও মধুপুর ইউনিয়নে গণসংযোগ, বাজার ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ এবং পথসভায় অংশগ্রহণ করেন।
পারভেজ মল্লিক জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১০ সালের ২৩ জুন রাজনৈতিক নির্যাতনের মুখে দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে যান। বর্তমানে তিনি যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, “খুলনার রাজনীতিতে সরাসরি সক্রিয়তা অতীতে সীমিত থাকলেও বহুবার পার্টি অফিসে এসেছি। এবার জনগণের পাশে থাকতে এবং তাদের সেবা করতে মাঠে নেমেছি।”
করোনা মহামারির সময় খুলনাবাসীর জন্য তার আর্থিক সহায়তা ও সুরক্ষাসামগ্রী বিতরণ প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় পর্যায়ে তার মানবিক কর্মকাণ্ড এবং দলের প্রতি অঙ্গীকার ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দলীয় মনোনয়ন লাভের দৌড়ে এই প্রবাসী রাজনীতিক কতদূর এগিয়ে যেতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

