মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে প্রশান্তির বাংলাদেশ, মেধার বাংলাদেশ, নারী মুক্তির বাংলাদেশ।” শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সদর উপজেলা মহিলাদলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, দেশনায়ক তারেক রহমানের সঙ্গে যেভাবে কথা হয়েছে, ঠিক সেভাবেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৬ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণকে গুজবে কান না দিতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এই নির্বাচনে বিএনপি অবশ্যই বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। সরকার গঠন করলে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে।”
নারী আন্দোলনের প্রসঙ্গে ব্যারিস্টার নওশাদ বলেন, “জুলাই আন্দোলনে নারীরা ঝাঁপিয়ে না পড়লে তা সফল হতো না। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ‘দ্বিতীয় স্বাধীনতা’ আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অনস্বীকার্য।” তিনি মহিলাদলকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচি সংগঠিত করার আহ্বান জানান।
ধর্ম ও রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “একটি পক্ষ ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন। বিএনপি এমন একটি দল, যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে কাজ করে।”
সভায় মহিলাদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রশ্ন করলে ব্যারিস্টার নওশাদ জমির সেগুলোর উত্তর দেন। অনেকে অভিযোগ করেন, নারী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন দেওয়া হচ্ছে না। বিএনপির মূল দলের অনেক নেতাকর্মী নারী সদস্যদের প্রতি যথাযথ সম্মান দেখান না বলেও অভিযোগ তোলেন নেত্রীরা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন। উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিনা পারভীন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।

