হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনে স্মরণ করা হলো ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও শহীদ ছাত্র আব্দুল্লাহকে। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা এবং শহীদ আব্দুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি।
শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, তরুণ নেতৃত্বের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাদের উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনা উপস্থাপন করে। বিদ্যালয় চত্বরে দেয়ালচিত্র ও গ্রাফিতিতে উঠে আসে ইতিহাস, প্রতিবাদ এবং ভবিষ্যতের স্বপ্ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। তিনি বলেন, “৭ জুলাইয়ের গণঅভ্যুত্থান নিছক একটি তারিখ নয়, এটি তরুণদের রক্তে লেখা এক প্রতিরোধের ইতিহাস। শহীদ আব্দুল্লাহ যে আত্মত্যাগ করেছিলেন, এই আইডিয়া প্রতিযোগিতা সেই চেতনাকে চিন্তা ও সম্ভাবনায় রূপান্তর করছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসানুল কবির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্না, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে শহীদ আব্দুল্লাহর স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ রোপণ করা হয়। উদ্যোক্তারা জানান, প্রতিবছর একটি করে বৃক্ষরোপণের মাধ্যমে শহীদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ অব্যাহত থাকবে।

