যশোর প্রতিনিধি
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে যশোরের অভয়নগরে আয়োজিত সেনাবাহিনীর একদিনের মেডিকেল ক্যাম্পেইনে প্রায় দেড় হাজার বেসামরিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।
সোমবার (২৮ জুলাই) ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার আয়োজনে উপজেলার সুন্দলী ইউনিয়নের এসটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে মেডিসিন, সার্জারি, চক্ষু, স্ত্রীরোগ ও প্রসূতিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসাররা চিকিৎসা সেবা প্রদান করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
ক্যাম্পেইনটি পরিদর্শন করেন ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী এবং যশোর সিএমএইচের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী বলেন, “সেনাবাহিনী নিয়মিত কার্যক্রমের পাশাপাশি জনসাধারণের জন্য চিকিৎসা ও ওষুধ বিতরণ করে আসছে। স্থানীয় মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল সেনাবাহিনীর এ উদ্যোগকে ‘প্রশংসনীয়’ আখ্যা দিয়ে বলেন, “ভবদহবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে সেনাবাহিনীর এমন ক্যাম্পেইন সত্যিই মহতী উদ্যোগ। সুন্দলীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”
চিকিৎসা নিতে আসা ৯০ বছর বয়সী বিষ্ণুপদ বিশ্বাস বলেন, “বিনা খরচে দামি ডাক্তার দেখাতে পারলাম। অনেক ওষুধও পেয়েছি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই চিকিৎসা নিতে এসেছে।”

