রুহুল আমিন, যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের ওপর বাঁশের তৈরি সাঁকো (ব্রিজ) কচুরিপানার চাপে ভেঙে যাওয়ায় দুই পাড়ের শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির মুখে পড়েছেন। গত দুই দিন আগে ব্রিজটি ভেঙে পড়ায় সাগরদাঁড়ি বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে পারাপারে বিঘ্ন ঘটছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানি সংকটে কপোতাক্ষ নদে কচুরিপানা জমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি টানা বৃষ্টির কারণে নদীতে পানি বাড়ায় স্রোতের তীব্রতা বাড়ে এবং সেই স্রোতের সাথে কচুরিপানার চাপ পড়ে বাঁশের ব্রিজের ওপর। একপর্যায়ে অতিরিক্ত চাপে ব্রিজের একটি অংশ ভেঙে নদে ভেসে যায়।
বিশেষ করে কপোতাক্ষ নদের ওপারে পাটকেলঘাটা থানার শারসা গ্রামের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটে যাতায়াত করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে নদ পার হচ্ছেন, ফলে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।
সাগরদাঁড়ি গ্রামের বাসিন্দা রাজ্জাক আহমেদ রাজু বলেন, “এই সাঁকোটি দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা। এটি ভেঙে পড়ায় আমাদের জীবনযাত্রা প্রায় থমকে গেছে।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত জানান, “বাঁশের ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে শিক্ষার্থীদের উপস্থিতি হ্রাস পেয়েছে। অনেকেই ঝুঁকি নিয়ে নদ পার হচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।”
এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখসোনা খাতুন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। তারা শিগগিরই ব্রিজ সংস্কারের কাজ শুরু করবে।”
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন শিকদার বলেন, “ব্রিজ মেরামতের আগে নদে জমে থাকা কচুরিপানা অপসারণ করা জরুরি। ইতোমধ্যে বুধবার থেকে অপসারণের কাজ শুরু হয়েছে। কচুরিপানা সরানোর পর দ্রুত ব্রিজ মেরামত করা হবে।”

